
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে শহরের শেরে বাংলা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কার্যক্রম চালায় ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলিত এবং ভাঙচুর হওয়া দেয়ালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো দেখতে পান। পরে ভাইরাল হওয়া ভিডিওতে ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিমকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগ কার্যালয়টি খুলতে অংশ নিয়েছে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ কার্যালয় পুনরায় চালু করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষ্ক্রিয় বা বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হঠাৎ এ ধরনের কার্যক্রম প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৫ আগস্টও একদল উশৃঙ্খল ব্যক্তি কার্যালয়টিতে ভাঙচুর চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম জানান, পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল তা শনাক্তে কাজ চলছে।