
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বিয়ের পাত্রী দেখে ফেরার পথে চরকাজল লঞ্চঘাট টার্মিনাল থেকে বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক হাসান হাওলাদার (২৮)-এর ২১ ঘণ্টা পরও সন্ধান মেলেনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল ও বাংলাদেশ নৌ পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসান তার বিয়ের জন্য মেয়ে দেখতে চরকাজল যান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বোনজামাই ইলিয়াসসহ তিন আত্মীয়কে নিয়ে গলাচিপায় ফেরার উদ্দেশ্যে লঞ্চঘাট টার্মিনালে আসেন। এ সময় তিনি বাথরুমে গিয়ে ফেরার পথে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও রাতভর অনুসন্ধানে তার সন্ধান মেলেনি।
বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশের রাঙ্গাবালী ফাঁড়ির সদস্য ও স্থানীয়দের সমন্বয়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। নদীতে জাল ফেলে ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর রতন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং ডুবুরি দলকে অবহিত করা হয়। নদীর গভীরতা ও স্রোতের প্রতিকূলতার মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা জীবিত বা মরদেহ-যেকোনো অবস্থায় দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
এসবি/এমআর