
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
নির্বাচনী সহিংসতা ক্রমশ বেড়ে চলেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পহলান বাড়ি কালভার্ট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক মো. জালাল আকনের (৪৫) দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। জালাল সদর উপজেলার লেমুয়া গ্রামের মো. আজিজ আকনের ছেলে।
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ অভিযোগ করেন, কর্মি কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জালাল আকনের পথরোধ করে। তারা জিজ্ঞেস করে তিনি কাকে ভোট দেবেন। জালাল হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কথা জানানোর পর দুর্বৃত্তরা তাকে লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি রাতে তুলনামূলকভাবে নির্জন থাকায় কেউ তা দেখেনি।
গুরুতর আহত অবস্থায় জালালকে প্রথমে বরগুনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই পায় ভাঙার জখম রয়েছে।
ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাসেমী হাসপাতালে গিয়ে বলেন, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার না হলে দলীয়ভাবে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এদিকে, আহত জালাল আকনের বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি কোনো হামলার ঘটনা নয়; সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত ব্যক্তির বক্তব্য ও চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।