
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চাইতে রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ ও পথসভাগুলোতে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। এ সময় উপস্থিত জনতা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নানা স্লোগান দেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনির মাধ্যমে এম. জহির উদ্দিন স্বপনের প্রতি সমর্থন জানান।
সকাল ১০টায় বাটাজোর ইউনিয়নের যশুরকাঠি এলাকায় পথসভায় যোগদানের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর সকাল সাড়ে ১১টায় লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, দুপুর সাড়ে ১২টায় বাটাজোর কবিবাড়ির সামনে এবং দুপুর ১টায় দক্ষিণ-পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। পরে দুপুর ২টায় শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য দেন।
গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে এম. জহির উদ্দিন স্বপন বলেন, দেশনায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশের মানুষের আর কোনো নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই এখন দেশের মানুষের একমাত্র ভরসা। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে দেশে শৃঙ্খলা ফিরবে। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না; এ রাজনীতি চিরতরে বিদায় করতে হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দীর্ঘদিন নিরাপত্তার আশায় নৌকা মার্কায় ভোট দিয়েছেন। কিন্তু ভুল রাজনীতির কারণে সেই মার্কা ও নেতৃত্ব জনগণকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই অঞ্চলের সংখ্যালঘু ভাই-বোনদের অভিভাবকের দায়িত্ব আমি নিলাম। কেউ অন্যায়ভাবে নির্যাতনের চেষ্টা করলে আমি তার বিরুদ্ধে দাঁড়াব। তিনি আরও বলেন, ছাত্রদল বা যুবদলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে বিএনপি তাদের প্রশ্রয় দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, সহ-সভাপতি এম. আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।