বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ফ্যামিলি কার্ড দেখালে নারীরা পাবেন বিনা সুদে ঋণ: জয়নুল আবেদীন

হোম পেজ » বরিশাল » বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ফ্যামিলি কার্ড দেখালে নারীরা পাবেন বিনা সুদে ঋণ: জয়নুল আবেদীন
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

ফ্যামিলি কার্ড দেখালে নারীরা পাবেন বিনা সুদে ঋণ: জয়নুল আবেদীন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

ফ্যামিলি কার্ড প্রদর্শন করলে নারীরা বিনা সুদে ঋণ পাবেন- এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় কুটির শিল্প, হাঁস-মুরগি পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে ব্যাংক থেকে বিনা সুদে ঋণ দেওয়া হবে, যেখানে কোনো দালাল বা অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না।

 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৮ সালের মতো এবার ভোটকেন্দ্রে সহিংসতা বা ভোট ছিনতাইয়ের ঝুঁকি নেই। জনগণ এখন আরও সচেতন, তাই ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

 

শিক্ষা বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে জয়নুল আবেদীন বলেন, ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে স্থানীয় এলাকার সব নারীর শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। তারা যে স্তর পর্যন্ত পড়তে চাইবে, সেই পর্যায়ের ব্যয় সরকার বহন করবে।

 

তিনি জানান, কৃষকদের সহায়তায় বিএনপি ‘কৃষি কার্ড’ ব্যবস্থা প্রস্তাব করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা বিনামূল্যে সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ পাবেন। বর্তমানে কৃষি অফিসে ঘুষ ও দালালির অভিযোগ থাকলেও কার্ডভিত্তিক ব্যবস্থায় এসব অনিয়ম কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি বলেন, তারেক রহমান দেশের কৃষক ও নারীদের কথা বিবেচনা করে এসব কার্ডভিত্তিক সেবা প্রস্তাব করেছেন। এতে দুর্নীতি কমবে, সুবিধাভোগীরা সরাসরি উপকৃত হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

 

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুল আসাদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সদস্য ইশরত হোসেন কচি তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৭ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ