বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা পদবঞ্চিতদের

হোম পেজ » পটুয়াখালী » বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা পদবঞ্চিতদের
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

বাউফল উপজেলা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটির সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক সৈকত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে ‘আওয়ামী অনুপ্রবেশকারীদের’ স্থান দেওয়া এবং দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে পদবঞ্চিত নেতা-কর্মীরা আজ শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

 

সংবাদ সম্মেলনের পরে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে শেষ হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু কর্মীদের উপেক্ষা করে অর্থ বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, এই কমিটি তৃণমূল ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে স্লোগান দেন এবং দলের হাই কমান্ডের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনঈমুল ইসলাম মিরাজ (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), সাদিকুজ্জামান রাকিব (সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদল) ও আপেল মাহমুদ মুন্না (সভাপতি, বাউফল সরকারি কলেজ ছাত্রদল)।

 

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, দ্রুত এই বিতর্কিত কমিটি পুনর্গঠন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৩৫ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ