
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার। ১৩ জানুয়ারি (সোমবার) জেলা পর্যায়ের বাছাই কমিটির সিদ্ধান্তে বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী মো. হিজবুল্লাহ। এর আগে ৭ জানুয়ারি উপজেলা পর্যায়ে ব্যক্তি শ্রেণিতে শ্রেষ্ঠদের নির্বাচন সম্পন্ন হয়। এতে চারটি গ্রুপে ১৯টি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বর্তমানে পাঁচজুনিয়া ধানখালী পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক এবং দক্ষিণ পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংরেজি ও কম্পিউটার বিষয়ে দক্ষ এবং গলাচিপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ও জেএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষক, এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, জাতীয় শিক্ষাক্রমের মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গলাচিপা শাখার সহ-সম্পাদক, দক্ষিণ গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার ও দপ্তর সম্পাদক, ‘শিক্ষকের কলাম’-এর পটুয়াখালী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ইউনিটের টিম লিডার ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে ২০২৩ সালে নির্বাচিত হন।
তাঁদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নকিব উদ্দিন, মাধ্যমিক সরকারি টেকনিক্যাল শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ নূরুল হক এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বলেন, আমার এ প্রাপ্তি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের। সকলের ভালোবাসা ও সহযোগিতায় আরও এগিয়ে যেতে চাই।