
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, আপোষহীন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টান্ত সৃষ্টি হয়েছিল। তিনি বাংলাদেশের রাজনীতিতে সৌজন্য, শালীনতা ও সহিষ্ণুতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজনীতিকে কখনো প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি; বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে রাজনীতি করার শিক্ষা দিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নালছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নালছিটি উপজেলা বিএনপির আয়োজনে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী নন, বরং সব শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় জাতীয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্ষমতার বাইরে থেকেও তিনি আপস করেননি, আবার ক্ষমতায় থেকেও অহংকারে ভেসে যাননি- এই আপোষহীন অথচ সৌজন্যপূর্ণ রাজনৈতিক চরিত্রই তাকে ব্যতিক্রমী করে তুলেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুইটি স্বৈরাচারী শাসন- জেনারেল এরশাদ ও শেখ হাসিনার শাসনামল- বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপোষহীন রাজনৈতিক অবস্থানের মুখেই শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এটি তার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসিকতার প্রমাণ।
জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষায় খাদ্য ও নগদ সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার, টিকাদান কর্মসূচির বিস্তার এবং শিশু পুষ্টি উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, এই দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, খাল-নদী খনন, বৃক্ষরোপণ, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা এবং ধর্মীয় সেবায় নিয়োজিতদের জীবনমান উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব খাতে সংস্কারমূলক ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সভা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে গোলযোগ অত্যন্ত নিন্দনীয়। এখনো সময় আছে- তার জীবন থেকে শিক্ষা নিয়ে বিনয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
শোক সভায় সাত হাজারের বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নালছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং ঝালকাঠি-১ আসনের মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।