যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই : মাসুদ সাঈদী

হোম পেজ » পিরোজপুর » যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই : মাসুদ সাঈদী
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই : মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী। রবিবার (০৪ জানুয়ারি) নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলভেদে মতাদর্শ ভিন্ন হলেও দেশের স্বার্থই সবার কাছে মুখ্য হওয়া উচিত। তিনি বলেন, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হলে তা বাংলাদেশের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারতসহ নানা শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ষড়যন্ত্র করছে; তবে এসব ষড়যন্ত্রের মাঝেও ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

মাসুদ সাঈদী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে, উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না; বাংলাদেশ হবে সত্যিকারের স্বপ্নের সোনার বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. শামিম আহমেদ ও ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১১ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ