তালতলীতে মাদক কারবারিকে গ্রেফতার দাবি

হোম » বরগুনা » তালতলীতে মাদক কারবারিকে গ্রেফতার দাবি
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে স্থানীয়রা মাদক কারবারের অভিযোগে মামলা হওয়া নাঈম ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচি হয়।

স্থানীয়রা জানান, নাঈম নিজেকে কখনো রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ, আবার কখনো ‘দৈনিক কালবেলা’ পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা করে আসছিলেন। বিভিন্ন যুবককে প্রলোভন দেখিয়ে মাদকে জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাদক ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসার পর পত্রিকা কর্তৃপক্ষ জানায়, নাঈমকে ১ ডিসেম্বর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরোয়ার তালুকদার নামে এক ব্যক্তিকে কৌশলে জড়িয়ে নাঈম তার কাছে ইয়াবা রেখে আসেন। পরে ৩ ডিসেম্বর নৌবাহিনীর টহলদল সরোয়ারকে ৩২ পিস ইয়াবাসহ আটক করে, কিন্তু নাঈম সুকৌশলে পালিয়ে যান এবং ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়ি ও ‘কালবেলা সমৃদ্ধি’ স্টিকার ফেলে রেখে যান।

সরোয়ারের পরিবারের সদস্যরা দাবি করেন, নাঈমই তাকে ফাঁসিয়েছে এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করছে। তারা নাঈমের দ্রুত গ্রেফতার ও সরোয়ারের মুক্তি দাবি করেন।

দৈনিক কালবেলার অতিরিক্ত বার্তা সম্পাদক শাকিল ফারুক বলেন, নাঈমকে দুই মাস আগে সতর্ক করা হয়েছিল এবং ১ ডিসেম্বর থেকে তার দায়িত্ব সম্পূর্ণভাবে বাতিল করা হয়। তাকে অফিসীয় সরঞ্জাম ফেরত দিতেও বলা হয়েছিল।

তালতলী থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এবং নাঈমকে ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ তদন্তাধীন।


মংথা/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩২ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ