গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ থেকে ৮ টাকা, ক্ষুব্ধ যাত্রীরা

হোম » পটুয়াখালী » গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ থেকে ৮ টাকা, ক্ষুব্ধ যাত্রীরা
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

গলাচিপার হরিদেবপুর খেয়াঘাট। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে জনপ্রতি পারাপারের ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে মাঝিদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ঘোষণা অনুযায়ী জনপ্রতি ৫ টাকা ভাড়া কার্যকরের দাবি জানিয়েছেন যাত্রীরা।

 

জানা গেছে, জেলা পরিষদের নির্ধারিত চার্ট অনুযায়ী ‘খ’ শ্রেণির এ ঘাটে জনপ্রতি টোল ১০ টাকা। তবে ইজারাদারের দাবি, প্রতিমন্ত্রীর ঘোষণার পর থেকে এতদিন ৫ টাকা করে নেওয়া হচ্ছিল। মাঝিদের দাবির পরিপ্রেক্ষিতে ১০ টাকার পরিবর্তে এখন ৮ টাকা নেওয়া হচ্ছে।

 

ঘাট ইজারাদার শিবু লাল দাস বলেন, মাঝিদের অনুরোধেই জনপ্রতি ভাড়া ৩ টাকা বাড়ানো হয়েছে। ৫ টাকা করে নিলে লোকসান গুনতে হয়। মাঝিদের পাওনা পরিশোধ এবং ঘাট পরিচালনার খরচ মেটানোর পর তেমন কিছু অবশিষ্ট থাকে না। বর্তমানে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় ঘাট পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

 

মাঝিরা জানান, এতদিন যাত্রীপ্রতি ৫ টাকা আদায় করে ইজারাদার তাঁদের প্রতিদিন মোট ২২ হাজার টাকা দিতেন। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ২৮টি নৌকা পরিচালনায় প্রতিদিন প্রায় ৮ হাজার ১০০ টাকা খরচ হয়। এসব খরচ মেটানোর পর তাঁদের ন্যূনতম মজুরিও থাকে না। পরিবার নিয়ে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

 

ঘাটটিতে ৫৬ জন মাঝি রয়েছেন। তাঁরা প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এ ঘাটে নৌকা পারাপারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। মাঝিদের দাবি, ১৪৩৩ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ৩০ আশ্বিন পর্যন্ত জেলা পরিষদের নিয়ন্ত্রণে ঘাট পরিচালনার সময় তাঁরা যাত্রীপ্রতি ৩ টাকা পেতেন। বর্তমান পরিস্থিতিতে নৌকায় যাত্রীপ্রতি ৩ টাকা পাওয়ার ব্যবস্থা করতে ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা।

 

স্থানীয় একটি পক্ষের দাবি, প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জনপ্রতি ভাড়া ৫ টাকাই রাখতে হবে। এ টাকা থেকে ৩ টাকা মাঝিদের এবং ২ টাকা ইজারাদারকে দেওয়ার ব্যবস্থা করা হলে যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়বে না। পাশাপাশি মাঝি ও ইজারাদারের মধ্যেও সমন্বয় সম্ভব হবে।

 

ইজারাদার শিবু লাল দাস বলেন, সরকারি নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও হরিদেবপুর ঘাটে ৮ টাকা নেওয়া হচ্ছে। জেলা পরিষদের দেওয়া চার্ট অনুযায়ীই ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশের গাজীপুর ও আমখোলা খেয়াঘাটে ১০ টাকা করে নেওয়া হলেও সেখানে কোনো সমস্যা হচ্ছে না। অথচ হরিদেবপুর ঘাটে এ নিয়ে এত সমস্যা কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির বলেন, গলাচিপার খেয়াঘাট নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ঘোষণা অনুযায়ী ইজারাদারকে জনপ্রতি ৫ টাকা ভাড়া নিতে হবে।

 

এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, জেলা পরিষদকে তিনি খেয়াঘাটে জনপ্রতি ৫ টাকা ভাড়া নেওয়ার নির্দেশনা দিয়েছেন। যিনি ৫ টাকা ভাড়া নির্ধারণ করে ঘাট পরিচালনা করতে পারবেন, তাঁকে সেভাবেই ইজারা দেওয়ার কথা বলেছেন। মাঝিরা কত টাকা পাবেন এবং ইজারাদার কত টাকা রাখবেন, তা নিজেদের মধ্যে সমন্বয় করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

 

ভাড়া বৃদ্ধি নিয়ে হরিদেবপুর খেয়াঘাটে যাত্রী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মাঝি ও ইজারাদারের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থায় প্রতিমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ এবং মাঝিদের আয় নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:১৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ