যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধের পাঁচ বছরের কারাদণ্ড

হোম » খুলনা » যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধের পাঁচ বছরের কারাদণ্ড
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ৭০ বছরের বৃদ্ধের পাঁচ বছরের কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, যশোর

 

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে রুস্তম মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর মোড়লপাড়ার রাহেন উদ্দিন মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে প্রতিবেশী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তিনি পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ