পিরোজপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

হোম » পিরোজপুর » পিরোজপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


পিরোজপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর থানা বিএনপি।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

 

পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন।

 

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। টুঙ্গিপাড়া থানা ও টুঙ্গিপাড়া-৩ আসনের সংসদ সদস্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

 

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে অবিলম্বে প্রতিহত করতে হবে। আগামী ১৯ নভেম্বর লকডাউনের নামে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাতের বেলা পাহারা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ২০:৩৬:০৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ