গৌরনদীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হোম » বরিশাল » গৌরনদীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


গৌরনদীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে জননি ইলেকট্রনিক ও সোহেল স্টোরকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ।

 

এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করতে সহকারী কমিশনার (ভূমি) নিজেই ক্রেতার ছদ্মবেশে দোকানে গিয়ে দাম জানতে চান। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ডিলারের কাছ থেকে সিলিন্ডার কেনার রশিদও দেখাতে পারেনি প্রতিষ্ঠান দুটি।

 

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

 

অভিযানে গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ জানান, জনস্বার্থে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ