গোপালগঞ্জে বাসে হামলা-ভাঙচুর, খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধ

হোম » খুলনা » গোপালগঞ্জে বাসে হামলা-ভাঙচুর, খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বাসে হামলা-ভাঙচুর, খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধসাগরকন্যা প্রতিবেদক, খুলনা

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাসে হামলা ও ভাঙচুরের ঘটনার পর খুলনা থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহণ মালিকরা। এতে বাস টার্মিনালে এসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাত্রী, চালক ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে পরিবহণ মালিকরা নিজেদের উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও আপাতত বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:২৯




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ