
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী গৌরনদী পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এস এম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন মিয়া বলেন, ‘শিক্ষকরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাঁদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো. শাহ আলম কবিরাজ, বার্থী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এসএম জানে আলম, সাবেক ছাত্রনেতা আব্দুর হাকিম সিকদার ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস ছালামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বিশেষ অতিথিরা বলেন, ‘শিক্ষকদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শের আলোতেই সমাজ এগিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত শিক্ষক মরহুম মাওলানা মিজানুর রহমান, মরহুম মাওলানা হোসাইন মো. ফারুক, আব্দুল আলী চাপরাশ ও নুর মোহাম্মদ শরীফের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. খালেক হাওলাদার ও আব্দুস ছালামকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।