
সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় আরও বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদার, মো. আব্দুর রহিম, মোফাজ্জল হোসাইন, খান মো. ইলিয়াস হোসাইন, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ ও সহকারী শিক্ষক বাদল হোসেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার বৈষম্য শিক্ষক সমাজকে নিরুৎসাহিত করছে। একই যোগ্যতা ও সমান পরিশ্রমের পরও বেসরকারি শিক্ষকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে এ বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।