
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৭০ নম্বর উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, রেশমা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের মেরামত ও সংস্কার কাজের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
গত ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত ১৫ সেপ্টেম্বর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
অফিস আদেশে আরও বলা হয়, বিভিন্ন অনিয়ম এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(থ) ধারা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অসদাচরণ এবং সরকারি কর্মচারী হিসেবে শাস্তিযোগ্য অপরাধের কারণে ওই বিধিমালার ১২(২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম হাসান বলেন, ‘১৭০ নম্বর উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ পেয়েছি। আদেশের কপি বিদ্যালয়ে পাঠানো হয়েছে।’