
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগের সুযোগ থাকায় পর্যটকদের কাছে দেশের অন্যতম আকর্ষণীয় গন্তব্য পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বীচ কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হবে।
কার্নিভালকে সামনে রেখে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে রবিবার বিকেল ৪টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।
এ ছাড়া পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বরিশাল বিভাগীয় ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) অর্নিবান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতেই এবারের কার্নিভালের আয়োজন করা হচ্ছে। কার্নিভালকে ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুই দিনের এ আয়োজনে থাকবে বীচ ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুথি পাঠ ও প্রি-ইভেন্টসহ নানা আয়োজন। পাশাপাশি স্থানীয় পণ্য ও খাবার এবং পর্যটনকে ঘিরেও বিভিন্ন কর্মসূচি থাকবে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ নয় বছর পর আবারও এ আয়োজন হতে যাচ্ছে।