বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

হোম » পটুয়াখালী » বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফলে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত দুই ভাই হলেন সাবু মৃধা (৩০) ও মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সাবু ও মুসার বাবা ইব্রাহিম মৃধা মারা যান। এরপর তাদের চাচা নাসির মৃধা বাড়ি ও জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ পরিবারের। বাড়িতে গেলে তাদের মারধর ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। এ কারণে দীর্ঘদিন ধরে তারা নানাবাড়ির পাশের মান্দারবণ গ্রামে ঘর তুলে বসবাস করছেন।

 

পরিবারের অভিযোগ, রবিবার সকালে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধার সঙ্গে সাবু ও মুসার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ