
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি অর্থে নির্মাণের দুই মাসের মাথায় বিদ্যালয় ও মন্দিরে যাতায়াতের রাস্তার প্রায় ৫০ ফুট ইটের সলিং তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার দিবাগত রাতে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং মন্দিরে আসা পূজারি ও দর্শনার্থীদের চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কসংলগ্ন পূর্ব পাশে বাঁশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩০০ ফুট ইটের সলিং রাস্তা নির্মাণ করা হয়। প্রায় দুই মাস আগে রাস্তার কাজ শেষ হয়।
অভিযোগ রয়েছে, শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব কয়েকজনকে সঙ্গে নিয়ে রাস্তার জায়গা নিজেদের দাবি করে মাঝামাঝি অংশের প্রায় ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত জনসাধারণের চলাচলের রাস্তার ইট তুলে ফেলায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। সামনে শারদীয় দুর্গোৎসব হওয়ায় মন্দিরে আসা মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। একই রাস্তা দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন।
মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব বলেন, ‘রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পড়বেন। সামনে দুর্গাপূজা। এর আগেই রাস্তার ইট পুনঃস্থাপন করা প্রয়োজন।’
বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, সরকারি অর্থে মাটির রাস্তার ইটের সলিংয়ের কাজ প্রায় দুই মাস আগে শেষ হয়েছে। শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ বৈষ্ণব রাস্তার ইট তুলে ফেলেছেন বলে তিনি জানতে পেরেছেন।
বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই রাস্তায় একটি স্কুল ও মন্দির রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে রাস্তার জায়গা নিজেদের দাবি করে ইট তুলে ফেলার অভিযোগের বিষয়ে পরিতোষ বৈষ্ণবের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত পুনঃস্থাপনের ব্যবস্থা করা হোক।