মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভাঙার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

হোম » ভোলা » মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভাঙার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলায় গ্রেপ্তার দুই আসামি।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ইউপি সদস্য মো. শরিফকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলাতলী ইউনিয়নের কাজীরচর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল (২৫) ও ছালাউদ্দিন (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বাড়ি কলাতলী ইউনিয়নের কাজীরচর এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডে।

 

মামলার এজাহার ও বাদী রুবেল ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন ইউপি সদস্য মো. শরিফের কাছে চাঁদা দাবি করেন। পরে চাঁদার পরিবর্তে তার মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করলে শরিফ বাধা দেন। এ সময় আসামিরা তাকে মারধর করে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহত শরিফের ভাই রুবেল ভূঁইয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

 

তবে গ্রেপ্তার জুয়েল ও ছালাউদ্দিন হামলার ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাদের ভাষ্য, তারা হামলার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক বিরোধের জেরে তাদের মামলায় আসামি করা হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর চার আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ