একতরফা সিদ্ধান্তের হুমকি, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

হোম » রাজনীতি » একতরফা সিদ্ধান্তের হুমকি, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬


 

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

জমি বিরোধকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে একতরফা বিচার কার্যক্রম পরিচালনা ও আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষর করা নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির নোটিশে বলা হয়েছে, আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি দখলের অভিযোগ মতিউর রহমানের বিরুদ্ধে এসেছে। একই জমি নিয়ে একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার বিষয়টিও জেলা বিএনপির নজরে এসেছে। এ-সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা একটি বিষয় নিয়ে এ ধরনের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক আচরণের পরিপন্থী। এতে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জমি বিরোধের অভিযোগ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পক্ষকে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদি সঙ্গে আনতেও বলা হয়েছিল। নির্ধারিত সময়ে কেউ উপস্থিত না হলে অনুপস্থিতিতেই একতরফাভাবে সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ওই নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মতিউর রহমান হাওলাদার বলেন, ‘আদালতে মামলাটি চলমান এবং জমিতে নিষেধাজ্ঞা রয়েছে- এ বিষয়টি আগে আমার জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমাকে দেওয়া শোকজ নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

জেলা বিএনপির নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে নোটিশে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৪২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ