
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
রবিবার ও সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) পিরোজপুরের ‘ডাক দিয়ে যাই’ প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কোডেকের এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় নেটজ বাংলাদেশ।
‘ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ু প্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর’ প্রতিপাদ্যে আয়োজিত প্রশিক্ষণে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এসব বিষয়ে অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার, শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটররা। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরু।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন তৈরির সহজ ও সাবলীল পদ্ধতি সম্পর্কেও সংবাদকর্মীদের ধারণা দেওয়া হয়।