দুমকির নতুন বাজারে পাগলা কুকুরের হামলা, কামড়ে আহত যুবক

হোম » পটুয়াখালী » দুমকির নতুন বাজারে পাগলা কুকুরের হামলা, কামড়ে আহত যুবক
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলা শহরের নতুন বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে কাওসার হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাওলাদার গোস্ত ঘরের কাছে এ ঘটনা ঘটে।

 

আহত কাওসার হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন বাজার এলাকায় গেলে হঠাৎ একটি কুকুর কাওসারের ওপর আক্রমণ করে। কুকুরটি তাকে কামড়ে আহত করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার পর নতুন বাজার ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের বিচরণ রয়েছে। এর মধ্যে কিছু কুকুর আক্রমণাত্মক আচরণ করায় আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এর আগে কুকুরের আক্রমণে অন্য কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

স্থানীয়দের ভাষ্য, জনবহুল বাজার এলাকায় এ ধরনের ঘটনা মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগের। নতুন বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের উৎপাত নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ