
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে মন্দির থেকে চুরি হওয়া প্রায় ১৫০ বছরের পুরোনো দুটি পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার করা হয়েছে। সোমবার শেষ বিকেলে দক্ষিণ রাজাখালীর বাসিন্দা তানভীর খান প্রতিমা দুটি দুমকি থানায় জমা দিলে সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী গ্রামের চন্দ্র কুমার ফকির বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গত ২৯ এপ্রিল রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান জোৎস্না রানী। পরে মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী একটি পিতলের গোবিন্দ প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া প্রতিমা দুটি কয়েক দফা হাতবদল হয়। তানভীর খানের দাবি, তিনি রাজাখালী সেতু এলাকা থেকে প্রতিমা দুটি কুড়িয়ে পান। পরে তিনি সেগুলো বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে পুনরায় প্রতিমা দুটি সংগ্রহ করে থানায় জমা দেন তিনি।
তবে মন্দির থেকে চুরি হওয়া অন্যান্য মালামাল এখনো উদ্ধার হয়নি। প্রতিমা দুটি কীভাবে রাজাখালী সেতু এলাকায় গেল এবং চুরির সঙ্গে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী বলেন, হারানো প্রতিমা ফিরে পেয়ে তারা আনন্দিত। এ ঘটনায় তারা মামলা করতে চান না।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, প্রকৃত চোর শনাক্ত না হওয়া এবং বাদীপক্ষের মামলা করার দাবি না থাকায় প্রতিমা দুটি তাদের হেফাজতে দেওয়া হয়েছে।