
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বরগুনা সদর উপজেলার ৩১টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার ৮০০ টাকার অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় বর্তমান অর্থবছরের এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
অনুদানের চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, নারীদের উন্নয়ন মানেই পরিবার ও সমাজের উন্নয়ন। তৃণমূলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাঁদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সরকারি অনুদানকে শুধু আর্থিক সহায়তা হিসেবে দেখলে হবে না। এ অর্থ কাজে লাগিয়ে আরও বেশি নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। বরগুনার নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগ ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম বাড়াতে হবে।
জেলা প্রশাসক অনুদানের অর্থ যথাযথ ও স্বচ্ছভাবে ব্যয়ের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল যেন নারীরা পান, সেটিই প্রত্যাশা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ক্ষমতায়নে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ গঠনমূলক কাজে ব্যবহার করে নারীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তাঁরা সমিতিগুলোর প্রতি আহ্বান জানান।