দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ জেলে, দিনভর খুঁজেও মেলেনি সন্ধান

হোম » জেলে-মৎস্য » দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ জেলে, দিনভর খুঁজেও মেলেনি সন্ধান
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ জেলে, দিনভর খুঁজেও মেলেনি সন্ধান

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে যাওয়ার পথে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মোঃ মেহেদী (২২) নামে এক মৌসুমি জেলে। বৃহস্পতিবার দিনভর মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে আবার উদ্ধারকাজ শুরু করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকার নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আসন্ন শুঁটকি মৌসুমে কাজ করতে দুবলার চরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন মেহেদী। পথে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে তাঁদের বহনকারী ট্রলারটি নোঙর করা ছিল। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে স্রোতে তলিয়ে যান তিনি।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি বিশেষজ্ঞ ডুবুরি দল। দিনভর নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়া ও আলো স্বল্পতার কারণে বৃহস্পতিবারের মতো অভিযান স্থগিত করা হয়।

 

স্থানীয় রাজনীতিবিদ কোহিনুর সরদার জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে এখনো মেহেদীর কোনো খোঁজ না মেলায় তাঁর স্বজন ও ট্রলারের সঙ্গীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দিনভর চেষ্টার পরও তাঁকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ার কারণে আজকের মতো অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হবে।’

 

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সাইদুর রহমান জানান, নিখোঁজ মেহেদীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৩৯:২৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ