আগৈলঝাড়ায় কচ্ছপ ও শাপলাপাতা মাছ বিক্রির সময় বিক্রেতার কারাদণ্ড

হোম » আইন-আদালত » আগৈলঝাড়ায় কচ্ছপ ও শাপলাপাতা মাছ বিক্রির সময় বিক্রেতার কারাদণ্ড
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

উদ্ধার করা ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ পয়সারহাটের সন্ধ্যা নদীতে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির সময় ফিলিপ অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী বাজারে অভিযান চালায় প্রশাসন। এ সময় কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারীকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ উদ্ধার করা ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ পয়সারহাটের সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

 

অভিযানে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপপরিদর্শক মাসুদুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্ত ফিলিপ অধিকারীকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ