নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না কুয়াকাটার শিশু মাহিনের

হোম » কুয়াকাটা » নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না কুয়াকাটার শিশু মাহিনের
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

শিশু মাহিনের ঘাতক বিআরটিসি বাসটি স্থানীয়রা আটক করলে ছবিটি তোলা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটার মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় বিআরটিসি বাসটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। সোমবার দুপুরে নানা-নানির সঙ্গে বরিশাল যাওয়ার জন্য সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন অহিদ শিকদার। এ সময় বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ