ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে সচেতনতামূলক সভা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে সচেতনতামূলক সভা
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে সচেতনতামূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি।

 

পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সমাজসেবক জুলফিকার হায়দার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান, উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার)।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনসচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

 

তিনি বলেন, ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ধর্মীয় উপাসনালয়ে আসা মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়েছে। জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫৫ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ