
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে পুলিশি তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা পুলিশি টহল জোরদারের বিষয়টি সভায় তুলে ধরেছেন পুলিশ সুপার।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, পাবলিক প্রসিকিউটর এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা পুলিশি টহল জোরদার করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো এবং নিয়মিত নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জানান, নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস দমন এবং কিশোর অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।