সাগরকন্যা বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মুক্তির আগেই সিনেমাটির পোস্টার নিয়ে নকলের অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর পোস্টারের সঙ্গে ‘কিং’-এর নতুন পোস্টারের দৃশ্যায়ন ও সাজসজ্জায় মিল রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত পোস্টারে শাহরুখ খানকে দেখা গেছে এক হাতে বন্দুক এবং ঠোঁটের ফাঁকে গোলাপ নিয়ে। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীরজুড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক ও রোমান্টিক দুই বৈশিষ্ট্যের মিশেলে হাজির হয়েছেন বলিউড বাদশাহ।
তবে সিনেমার গল্পের চেয়ে পোস্টারের দৃশ্যায়ন নিয়েই সামাজিক মাধ্যমে বেশি আলোচনা হচ্ছে। নেটিজেনদের একাংশের অভিযোগ, আগুনের পটভূমি ও ফ্রেমের বিন্যাসে ‘ধুরন্ধর ২’-এর প্রভাব রয়েছে। কেউ কেউ পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং নিম্নমানের বলেও দাবি করেছেন।
এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লিখেছেন, ‘চেহারা, আগুন আর ফ্রেম নকল করা যায়, কিন্তু তাতে ‘ধুরন্ধর’ হওয়া যায় না।’ আরেকজন লিখেছেন, প্রতিটি সেরা শিল্পকর্মেরই একটি সস্তা নকল থাকে।
সিনেমাটির চিত্রনাট্য নিয়েও ব্যঙ্গ করেছেন নেটিজেনদের কেউ কেউ। এক ব্যবহারকারী দাবি করেছেন, ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য নেওয়ার পর এবার ঝলকও নাকি ‘ধুরন্ধর ২’ থেকে তুলে আনা হয়েছে। আরেকজন লিখেছেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ঝলকের নকশার ভাবনা হুবহু তুলে দেওয়ার জন্য নির্মাতাদের লজ্জা হওয়া উচিত ছিল।
অন্য এক নেটিজেনের দাবি, ‘কিং’-এর প্রথম ঝলক ব্র্যাড পিটের ‘এফ ১’ সিনেমা থেকে এবং দ্বিতীয়টি ‘ধুরন্ধর ২’ থেকে নেওয়া হয়েছে। ঝলকেই যদি অন্য সিনেমার প্রভাব থাকে, তাহলে পুরো ছবিতে কত সিনেমার অনুকরণ থাকবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দকে ‘কপি-পেস্ট মাস্টার’ বলেও কটাক্ষ করেছেন ওই ব্যবহারকারী।
তবে এসব অভিযোগের বিষয়ে সিনেমাটির নির্মাতা কিংবা শাহরুখ খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনের আগে এক আলাপচারিতায় শাহরুখ খান জানান, ‘কিং’ সিনেমায় তিনি ধূসর চরিত্রে অভিনয় করছেন। নায়ক ও খলনায়কের মধ্যে নির্দিষ্ট বিভাজনে তিনি বিশ্বাস করেন না বলেও জানান অভিনেতা।
ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘ডর’-এর প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, বর্তমান সময়ে ওই চরিত্রকে দর্শক খলনায়ক হিসেবেই বিবেচনা করতেন। ‘ডন’, ‘অঞ্জাম’ ও ‘বাজীগর’-এর মতো সিনেমাতেও তিনি মূলত খলনায়কের ভূমিকায় ছিলেন বলে মন্তব্য করেন।
‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসি। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনায় রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও ‘মারফ্লিক্স পিকচার্স’।
বক্স অফিসে ‘কিং’-কে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে একাধিক বড় সিনেমার সঙ্গে। এ তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের ১০০তম সিনেমা ‘কিং১০০’।