
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের সময় উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় তাঁর ভূমিকার কথা তুলে ধরে শিক্ষক সমাজ তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এবং ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন।
বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আবুল কালাম আজাদ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণ শিক্ষক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য এবং সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।