চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

হোম » ঢাকা » চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

 

রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা পার্বত্য অঞ্চলের ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ ঘটনায় জড়িত চক্রের মূল হোতাকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক নেয়ামুল হালিম খান।

 

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের নারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের চীনে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। চক্রটির মূল হোতাকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এসআরবি-১ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, তাঁদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভনও দেখানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

অভিযান শেষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার হওয়া ১২ নারীকে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

 

এদিকে, পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান এলাকা থেকে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ লিটার বিয়ারসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

 

এসআরবি-১ জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ