নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

হোম » পিরোজপুর » নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, স্কুলগামী কিশোরীদের বাইসাইকেল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।

 

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে এম সাঈদ। এ ছাড়া উপজেলার সব সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।

 

সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, স্কুলগামী কিশোরীদের মধ্যে বাইসাইকেল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য খাবার পরিবেশনের সামগ্রী বিতরণ করেন তিনি। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ