
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে পূর্ব খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির উপস্থিত হয়ে বিদ্যালয়ের ২২০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করেন।
পরে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. সাহাদাৎ হোসেন বাদল, মো. কামাল হোসেন ও সৈয়দ মনিরুজ্জামানসহ অনেকে।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সুস্থ ও পুষ্টিকর খাবারের উৎস হিসেবে ফলদ গাছের গুরুত্ব তুলে ধরেন। তারা বিদ্যালয় ক্যাম্পাসসহ নিজ নিজ বাড়িতে এসব ফলদ গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।