
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মেহেন্দিগঞ্জের শিক্ষা খাতকে অবহেলিত রাখা হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। তিনি বলেছেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মান বাড়াতেও শিক্ষকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টি কমপ্লেক্সের হলরুমে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে রাজিব আহসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু চাকরির জায়গা হিসেবে না দেখে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে ভাবতে হবে। শিক্ষকের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার পরিবেশ ও মেহেন্দিগঞ্জের সামগ্রিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সুজন এবং মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নূর নবী মোহাম্মদ খোকন।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন।