গণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

হোম » রাজনীতি » গণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

গণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, শুধু সরকার পরিবর্তন করলেই রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না। রাষ্ট্র পরিচালনার কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করা হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এর রাজনৈতিক মূল্য দিতে হবে। গণভোটের রায় না মানলে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বরগুনা শহরের জিরো পয়েন্ট সংলগ্ন সিরাজউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। কিন্তু আপনি এখন যে বিএনপি করছেন, সেটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নয়।’

 

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের কাছে ভোট চেয়ে পরে সেই ভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।

 

বিএনপির সমালোচনা করে মামুনুল হক বলেন, জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা বিএনপি আজ অবনতি ও অধঃপতনের পথে গেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে ‘গাদ্দারি’ ও ‘বিশ্বাসঘাতকতা’র দায়ে অভিযুক্ত করবে।

 

সংস্কারের বিষয়ে শুধু কমিটিতে অংশ নেওয়া কিংবা আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে জনগণকে সন্তুষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, কার্যকর সংস্কারের উদ্যোগ নিতে হবে। তা না হলে সংস্কার বাস্তবায়নের আন্দোলন একপর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে।

 

মামুনুল হক বলেন, তাদের লংমার্চ সরকার পতনের কর্মসূচি নয়; বরং সরকারকে সতর্ক করার কর্মসূচি। সরকারকে জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে।

 

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা করা কিংবা গণভোটকে অবৈধ করার কোনো চেষ্টা হলে বিএনপিকে জনগণ ‘লাল কার্ড’ দেখাবে। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। একই নির্বাচনী ব্যবস্থায় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়ে থাকলে গণভোটকে অবৈধ বলা হলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

 

রাষ্ট্র কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মামুনুল হক বলেন, রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত প্রশাসনিক ক্ষমতা দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের বাইরে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এ জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান তিনি।

 

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর। একই সঙ্গে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ কমাতে কার্যকর সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদ প্রতিহত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক।

 

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৪২:০১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ