মোংলায় ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ, ব্যবসায়ী আটক

হোম » খুলনা » মোংলায় ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ, ব্যবসায়ী আটক
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

মোংলায় ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ, ব্যবসায়ী আটক

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

 

বাগেরহাটের মোংলায় যৌথ অভিযানে ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। শনিবার ( ১২ সেপ্টেম্বর ) বিকেলে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সবুর (৪৮)কে আটক করা হয়েছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) কোস্ট গার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে ৭৮টি ব্যারেলে রাখা মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। পরে এসব তেল জব্দ করা হয় এবং ব্যবসায়ী সবুরকে আটক করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত এসব তেলের সঙ্গে ক্ষতিকর ভেজাল উপাদান মিশিয়ে বাজারজাত করে আসছিলেন সবুর। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। কোস্ট গার্ডের পাশাপাশি পুলিশ ও এনএসআইয়ের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে ব্যবসায়ী সবুরকে আটক করা হয়েছে। জব্দ করা তেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, এর আগেও র‍্যাবের অভিযানে সবুর তালুকদারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১:২৮:১১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ