
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তাঁর পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
গোলাপি আক্তারের অভিযোগ, তাঁর বাবা চার বছর আগে মারা যান। এরপর তাঁর চাচারা পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তাঁরা ক্ষিপ্ত হন।
তিনি বলেন, শুক্রবার তাঁর ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাজাহান রাঢ়ীসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। খবর পেয়ে তিনি সেখানে গেলে তাঁকেও লোহার রড দিয়ে মারধর করা হয়।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তাঁরা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাঁদের জমি দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তির অংশ বুঝে নিতে তাঁরা বাড়িতে এসেছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথা ছিল। বৈঠকের কথা শুনেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন মিজানুর রহমান।
তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করেন। তিনি বলেন, তাঁরা যে জমি দাবি করছেন, তা তাঁরা পাবেন না। নিজেদের মধ্যে মারামারি হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।