
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে টরকী বন্দরের বিভিন্ন সড়ক, বাজার এলাকা ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি হাসান সাহাবুব শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খালিফা, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম কাফি, ছাত্রদল নেতা মো. আলী ও পৌর ছাত্রদল নেতা মো. আরিফ খানসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে টরকী হিউম্যানিটি রাইজ সংগঠনের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়তেও তারা কাজ করে যাবেন।
তারা বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের সবার দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতার কাজে উৎসাহিত করতে হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালিত হলে টরকী বন্দরের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।