
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সোহাগ গাজীর সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে গোপালগঞ্জ জেলা যুবদল। তাকে যুবদলের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. রাসেলুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টুঙ্গিপাড়ার একটি ফাঁকা বাড়িতে এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তবে গোপালগঞ্জ জেলা যুবদলের দাবি, সোহাগ গাজী জেলা, থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের কোনো যুবদল কমিটির সঙ্গে যুক্ত নন। এমনকি যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই।
সংগঠনটির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল সোহাগ গাজীকে সংগঠনের সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই করার আহ্বান জানানো হয়।