বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, কারণ নিয়ে ধোঁয়াশা

হোম » বরিশাল » বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, কারণ নিয়ে ধোঁয়াশা
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

 

নিহতের মা মনোয়ারা বেগমের দাবি, স্থানীয় রিগ্যান হাওলাদারের সঙ্গে তার ছেলে সুমনের পূর্ববিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে তাদের মধ্যে তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান হাওলাদার, মনা তালুকদারসহ কয়েকজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন।

 

মনোয়ারা বেগম আরও দাবি করেন, হামলাকারীরা সুমন মারা গেছেন মনে করে তাকে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয় কয়েকজনের দাবি, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদার সুমনের ছোট মা মনি বেগমকে নিয়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে সুমনের সঙ্গে মনা তালুকদারের বিরোধ চলছিল বলে তারা জানান। এছাড়া সুমনের স্ত্রী মুন আক্তারের সঙ্গে মনা তালুকদারের যোগাযোগ নিয়েও পারিবারিক বিরোধ ছিল বলে স্বজনদের দাবি।

 

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং পরকীয়া সম্পর্কের অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ৭:২৬:৩৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ