বাউফলে ইয়াবা ও রেকটিফাইড হোমিও সিরাপসহ দুজন গ্রেপ্তার

হোম » আইন-আদালত » বাউফলে ইয়াবা ও রেকটিফাইড হোমিও সিরাপসহ দুজন গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফলে ইয়াবা ও রেকটিফাইড হোমিও সিরাপসহ দুজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ইয়াবা ও মাদক হিসেবে ব্যবহৃত রেকটিফাইড হোমিও সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৩০টি ইয়াবা, চার বোতল সিরাপ এবং ৩ হাজার ৭৮৫ টাকা জব্দের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনে বাউফল-কালিশুরী সড়কে অভিযান চালানো হয়। বাউফল থানার উপপরিদর্শক সম্বিত রায়ের নেতৃত্বে ওই অভিযানে রুবেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০টি ইয়াবা জব্দ করা হয়েছে বলে পুলিশের দাবি।

রুবেল কালিশুরী গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

একই দিন রাত ৮টা ১৫ মিনিটে বগা ব্রিজের পশ্চিম পাশে সড়কে আরেকটি অভিযান চালায় পুলিশ। বগা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে মো. মজিবর রহমান খান (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মজিবরের কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটিফাইড হোমিও সিরাপ ও ৩ হাজার ৭৮৫ টাকা পাওয়া গেছে। ওই টাকা মাদক বিক্রির বলে দাবি করেছে পুলিশ।

মজিবর বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩১ ● ৩০ বার পঠিত




আর্কাইভ