
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার ডাব ব্যবসায়ী ও দিনমজুর আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) শশীভূষণ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট উপজেলার শশীভূষণ থানা এলাকার ডাব ব্যবসায়ী আলাউদ্দিন রাঢ়ী স্থানীয় চরকলমি চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর চরকলমি ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের একটি নির্জন ধানক্ষেতসংলগ্ন বিল থেকে হাত-পা বাঁধা ও শ্বাসরোধে নিহত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী শশীভূষণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটির কোনো প্রাথমিক সূত্র না থাকায় শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ১২ দিনের মাথায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুলাল দালাল ও হেমায়েত দালালকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ জানায়, ঘটনার দিন মাছ ধরার কথা বলে কৌশলে আলাউদ্দিন রাঢ়ীকে বিলের মধ্যে ডেকে নেওয়া হয়। পরে নির্জন স্থানে তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছা উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।