বরগুনায় ফোরকান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হোম » বরগুনা » বরগুনায় ফোরকান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

বরগুনায় ফোরকান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় ফোরকান (৩০) হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনা প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় ‘ফোরকান হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও অধিকাংশ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পলাতক আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা। এতে ফোরকানের পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে দাবি করেন বক্তারা।

 

নিহত ফোরকানের বাবা শানু হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে জুয়েল মোল্লা, জিহাদ মোল্লা ও নাসির মোল্লারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। দেড় মাস পেরিয়ে গেলেও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশ শুধু আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানাচ্ছে।’ দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

 

বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ফোরকানকে তাঁর চাচা-শ্বশুরসহ কয়েকজন কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফোরকানের মৃত্যু হয়।

 

ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের শানু হাওলাদারের ছেলে। স্বজনদের দাবি, এ ঘটনায় অভিযুক্ত দুই চাচা-শ্বশুরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন সোর্স নিয়োগ করা হয়েছে। তাঁদের কোনো সন্ধান পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৯ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ