
সাগরকন্যা প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটটির কার্যক্রম নিয়ে নাগরিকদের অভিযোগের পাশাপাশি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগও নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।
এ ছাড়া র্যাবের বিদ্যমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথিপত্র ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
খসড়া আইনে আরও বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ কার্যকর থাকবে।