সাগরকন্যা ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দরগুলোতে তল্লাশি, নজরদারি ও টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেবিচক এ নির্দেশনা দেয়। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করতে হবে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর কথা বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা জানান, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে সংস্থাটির বৈঠক হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।