আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, প্রত্যাশা ন্যায়বিচার ও স্বদেশে ফেরার

হোম » চট্টগ্রাম » আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, প্রত্যাশা ন্যায়বিচার ও স্বদেশে ফেরার
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


ছবি: রয়টার্সসাগরকন্যা প্রতিবেদক

 

“এই দুনিয়ায় আমাদেরও বেঁচে থাকার হক আছে। দুনিয়ার সকল ইনসাফবান মানুষ আমাদের পক্ষে।”

 

রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা খালেদ হোসেনের বাড়ি ছিল মিয়ানমারের মংডু শহরের উত্তরে ফইরা বাজার এলাকায়। বর্তমানে কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে আশ্রিত এই নেতার প্রত্যাশা, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে নিজ জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি মিলবে। তবে তাঁর কাছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে নিজের ভিটেমাটিতে ফিরে যাওয়া।

 

খালেদ হোসেন বলেন, “আমরা তো এখানে থেকে যাওয়ার জন্য আসি নাই। আমরা চলে যেতে চাই আমাদের জমিনে। নাগরিকত্ব ও নিরাপত্তার সঙ্গে চলে যেতে চাই নিজের বাপ-দাদার ভিটায়।”

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যার মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণার কথা। এ রায় ঘিরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তাঁদের আশা, ২০১৭ সালে রাখাইনে চালানো হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনা আন্তর্জাতিক আদালতে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাবে। তাঁদের কাছে এই বিচার অতীতের অপরাধের জবাবদিহির পাশাপাশি নিজেদের পরিচয়, নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসনের দাবির সঙ্গেও জড়িত।

 

তবে রোহিঙ্গা নেতারা মনে করছেন, আদালতের রায় অনুকূলে এলেই তাঁদের দীর্ঘদিনের সংকটের অবসান হবে না। রায় বাস্তবায়ন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

 

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে ও পরে আসা রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের শিবিরগুলোতে এখন ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়ে আছে। আট বছর পেরিয়ে নবম বছরে পড়েছে তাঁদের বাস্তুচ্যুত জীবন। নিজ দেশে ফেরার অপেক্ষা দীর্ঘ হলেও প্রত্যাবাসনের নিশ্চয়তা এখনো মেলেনি।

 

‘রায় রোহিঙ্গাদের পক্ষে নয়, ইনসাফের পক্ষে’

 

আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সভাপতি ও রোহিঙ্গা যুবনেতা মুজিবুর রহমান মনে করেন, আইসিজের রায়কে শুধু রোহিঙ্গাদের পক্ষে বা বিপক্ষে দেখার সুযোগ নেই। তাঁর মতে, এ রায় হতে হবে আন্তর্জাতিক আইন ও মানবতার পক্ষে।

 

বুধবার তিনি বলেন, “এই রায় রোহিঙ্গাদের পক্ষে না। এই রায় ইনসাফের পক্ষে, ইন্টারন্যাশনাল লয়ের পক্ষে, হিউম্যানিটির পক্ষে।”

 

২০১৭ সালে রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডং এলাকায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, হত্যা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা বিশ্ববাসী দেখেছে বলে মন্তব্য করেন মুজিবুর।

 

তিনি বলেন, “সে সময় মায়েদের কোল থেকে শিশুদের কেড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছে। নারী-পুরুষ, শিশু, কেউই রেহাই পায়নি। এসব ঘটনা নতুন করে প্রমাণের বিষয় নয়; বরং অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।”

 

গণহত্যার সঙ্গে জড়িত মিয়ানমারের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক আইনের আওতায় আনার প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

 

মুজিবুর বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় সাময়িক। তাই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত প্রত্যাবাসনের পথ তৈরি করা।

 

রায় বাস্তবায়ন না হলে সংকটের সমাধান হবে না

 

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহর মতে, আইসিজের রায় ইতিবাচক হলেও তাতে রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক সমাধান হবে না। বরং রায়ের পর সেটি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, “আমরা নয় বছর ধরে একটা ফাইনাল জাজমেন্টের জন্য অপেক্ষা করছি। অবশ্যই আমরা আশা করছি, ভালো ফল আসবে। কিন্তু রায় ইতিবাচক হলেই রোহিঙ্গাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তা নয়।”

 

সৈয়দ উল্লাহর মতে, রায় বাস্তবায়নে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় ও রোহিঙ্গা প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

 

রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক বিপর্যয় হিসেবে দেখার বিরোধিতা করে তিনি বলেন, এর সঙ্গে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতা জড়িত। ফলে সমাধানের উদ্যোগে আন্তর্জাতিক রাজনৈতিক পক্ষগুলোকেও সম্পৃক্ত করতে হবে।

 

তিনি বলেন, “আমরা বাংলাদেশের সরকারের নীতির অপেক্ষায় আছি। আমরা আশা করি, কম সময়ের মধ্যে একটি রোডম্যাপ ও রোহিঙ্গা নীতি পাব। সেই নীতি অনুযায়ী সামনে এগোতে চাই।”

 

স্বামী-সন্তান হারানোর বিচারের অপেক্ষায় মরিয়ম

 

রোহিঙ্গাদের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে স্বজন হারানোর বেদনা ও বিচার পাওয়ার আকাঙ্ক্ষাও। মরিয়মের কাছে আইসিজের রায় শুধু একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নয়, স্বামী ও ছেলেকে হারানোর ঘটনার বিচার পাওয়ার আশাও।

 

মরিয়ম জানান, ২০১৭ সালে মিয়ানমারের মংডুতে সেনাবাহিনী তাঁর স্বামী মোহাম্মদ রফিক ও ছেলে মোহাম্মদ জুনায়েদকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর কোনো খোঁজ পাননি তিনি।

 

স্বামী-সন্তানের অপেক্ষায় একসময় দিশেহারা হয়ে দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন মরিয়ম। বর্তমানে কক্সবাজারের এক নম্বর রোহিঙ্গা শিবিরের ইস্ট ব্লকে থাকেন তিনি। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে। অন্য মেয়েকে নিয়ে শিবিরেই কাটছে তাঁর দিন।

 

মরিয়মের আশা, আইসিজের রায়ের মধ্য দিয়ে তাঁর স্বামী ও ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার হবে। একদিন নিজের দেশেও ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে।

 

তাঁর কাছে প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পেরিয়ে মিয়ানমারে ফিরে যাওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হারানো স্বামী-সন্তানের স্মৃতি, ফেলে আসা ঘরবাড়ি ও পরিচিত জীবনে ফেরার আকাঙ্ক্ষা।

 

আন্তর্জাতিক চাপ বাড়ার আশা

 

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিষয়ে আইসিজের রায় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

 

তিনি বলেন, গাম্বিয়ার পক্ষে রায় আসবে বলে তাঁরা আশাবাদী। আদালত যদি মিয়ানমারে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে।

 

মিজানুর রহমানের মতে, এতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়বে। একই সঙ্গে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপরও রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেওয়ার নৈতিক দায় তৈরি হবে।

 

রায়ে রোহিঙ্গাদের মিয়ানমারের ঐতিহাসিক বাসিন্দা বা নাগরিক হিসেবে পরিচয়ের বিষয়টি উল্লেখ থাকলে তা বিশেষ গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। কারণ, মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে দাবি করে আসছে।

 

তবে রায়ের পরপরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে, এমনটা মনে করছেন না এই কর্মকর্তা।

 

তিনি বলেন, “এই রায়ের ফলে তারা সরাসরি ওই পারে চলে যাবে, তা বলা যাচ্ছে না। তবে রায়ে যদি তাদের মিয়ানমারের বাসিন্দা বা নাগরিক হিসেবে স্বীকৃতির বিষয়টি আসে, তাহলে তা তাদের দেশে ফেরার দাবিকে নৈতিকভাবে শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক চাপও তৈরি হবে।”

 

বিচারের লড়াইয়ে রোহিঙ্গাদের প্রতিনিধি রাহিমা

 

আইসিজের মামলার কার্যক্রমে যুক্ত ছিলেন রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাহিমা খুশি। বাংলাদেশের শরণার্থী শিবিরে জন্ম ও বেড়ে ওঠা এই নারী গাম্বিয়ার আইনজীবী দলের সঙ্গে সাক্ষ্য সংগ্রহ, অনুবাদ ও আদালতের শুনানিতে দোভাষী হিসেবে কাজ করেছেন।

 

রাহিমা বলেন, মামলার জন্য বাংলাদেশে তথ্য ও সাক্ষ্য সংগ্রহের সময় তিনি আইনজীবী দলকে সহায়তা করেন। ভুক্তভোগীদের সাক্ষ্য অনুবাদ ও প্রতিলিপি তৈরি ছাড়াও আদালতের শুনানিতে গাম্বিয়ার পক্ষে দোভাষীর দায়িত্ব পালন করেন। বিভিন্ন কূটনৈতিক বৈঠকে ভুক্তভোগীদের প্রতিনিধি হিসেবেও অংশ নেন তিনি।

 

চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের দ্য হেগে মামলার শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন রাহিমা। গাম্বিয়ার পক্ষ থেকে তাঁকে প্রতিনিধি দলের সদস্য হিসেবেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

রাহিমার কাছে ১৯ নভেম্বরের রায় শুধু আদালতের সিদ্ধান্ত নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গাদের নির্যাতন, বাস্তুচ্যুতি ও ন্যায়বিচারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

 

তাঁর প্রত্যাশা, আদালত মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত করলে তা রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক স্বীকৃতি হবে। তবে শুধু রায় নয়, এর কার্যকর বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনও জরুরি।

 

রায় প্রত্যাশা অনুযায়ী না হলেও ন্যায়বিচারের সংগ্রাম থামবে না বলে মনে করেন রাহিমা।

 

তিনি বলেন, “আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমরা করুণা চাই না, আমরা আমাদের অধিকার চাই।”

বাংলাদেশ সময়: ১১:১২:১৯




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ